পাঁচ মাস আগে মালদ্বীপে চার জাতির টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশের দ্বিতীয় সারির দল। সেই দল নিয়েই পাকিস্তানকে গোলশূন্যতে আটকে রেখেছিলেন কোচ মারুফুল হক। অথচ পূর্ণ শক্তির দল নিয়ে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সেই পাকিস্তানের কাছেই হেরে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। এই পার্থক্য নিয়ে প্রশ্ন উঠেছে ফুটবলাঙ্গনে।
জাতীয় দলের সাবেক কোচ মারুফুল হক চার জাতি ও সাফের পাকিস্তান দল প্রসঙ্গে বলেন, ‘পাকিস্তানের দুই দলের প্রায় ৯৮ শতাংশ খেলোয়াড়ই একই। ঐ দলের ওটিস খান এই দলে নেই। আর এই দলের আব্দুস সামাদ সেই দলে ছিলেন না। এছাড়া স্কোয়াডে তেমন পরিবর্তন নেই।’
পূর্ণ শক্তির পাকিস্তান দলকে অনভিজ্ঞ ও তরুণ দল নিয়ে মোকাবিলা করেছিলেন মারুফুলের শিষ্যরা। ঐ ম্যাচে ম্যাচ সেরা হয়েছিলেন বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ। আর থমাস ডুলি হামজা-ফারহান-সামিতদের নিয়েও ঘরের মাঠে পাকিস্তানকে হারাতে পারলেন না। এই প্রসঙ্গে মারুফুল কৌশলের ভিন্নতার বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, ‘পাকিস্তানের ম্যাচের আগে আমি বিশ্লেষণ করে দেখেছি, তাদের ডিফেন্ডার লম্বা হলেও উড়ন্ত বলে তাদের দুর্বলতা রয়েছে। আমার খেলোয়াড়রা সেভাবে খেলার চেষ্টা করেছে এবং বেশ কয়েকটি আক্রমণে গোলের সুযোগ তৈরি হয়েছিল। গতকাল ফাইনালেও ভারত উড়ন্ত বলেই দুটো গোল পেয়েছে।’
বাংলাদেশের বিপক্ষে পাঁচ জন ডিফেন্ডার নিয়ে খেলেছে পাকিস্তান। সেই ডিফেন্স ভাঙতে পারেনি স্বাগতিকরা। এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। মালদ্বীপেও একই কৌশলে খেলেছিল তারা। এ নিয়ে মারুফের মন্তব্য, ‘পাকিস্তান তাদের বেসিক কৌশলেই প্রয়োগ করেছে। বাংলাদেশের ফারহান ও রাকিব উইং থেকে ভেতরে প্রবেশের চেষ্টা করেছে। তারা সেটার সুযোগ দেয়নি।’
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে মারুফের আরেকটি দুর্বলতা চোখে পড়েছে। ২০১৫ সালে কেরালা সাফে বাংলাদেশের কোচিং করানো মারুফুল বলেন, ‘প্রতিপক্ষের পায়ে যখন বল, তখন হোল্ডিং মিডফিল্ডার পজিশনে ছিলেন না। এটার প্রভাব ম্যাচে যথেষ্টভাবে পড়েছিল।’
বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। তাই পাকিস্তানের কোচ সোলানোকে নিয়ে অনেক প্রশংসা বাংলাদেশের ফুটবলাঙ্গনেও। তবে মারুফুল হক তার সঙ্গে মালদ্বীপে মোকাবেলা করেছেন। সেই সাক্ষাতে তার মূল্যায়ন, ‘পাকিস্তানের বিপক্ষে মালদ্বীপে বাংলাদেশ বেশ কয়েকবার একই জায়গা দিয়ে আক্রমণ করেছিল। সাধারণত কোচরা এমন হলে দুবার হওয়ার পরও সেটা ব্লক কিংবা প্রতিরোধ করত, তিনি কোনো পদক্ষেপ নেননি।’ সাফ ব্যর্থতার পর বাংলাদেশের কোচের যোগ্যতা সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠলেও মারুফুল একজন কোচ হয়ে আরেকজন কোচের বিষয়ে মন্তব্য করতে চাননি।
২০০৩ সালে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। এবার অনেক দিন পর শিরোপা স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। সেমিফাইনালে বিদায় হলেও বিস্মিত হননি আবাহনীর হেড কোচ মারুফুল হক। তিনি বলেন, ‘সাফ শুরুর আগে এক সাংবাদিককে আমি বলেছিলাম, বাংলাদেশের কোনো চান্স নেই। তিনি আর বিস্তারিত জানতে চাননি। চান্স নেই বলেছিলাম কারণ, বাংলাদেশের অনেক ভালো মানের ফুটবলার রয়েছে, তবে খেলার কোনো স্টাইল ও কৌশল নেই। সান মারিনো, আসিয়ান কাপের তিন ম্যাচ দেখে আমার এমনটি মনে হয়েছিল।’
বাংলাদেশ ফুটবল দলে তিন বছরের বেশি সময় কোচ ছিলেন স্পেনের হ্যাভিয়ের ক্যাবরেরা। কোচিং ও দল নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন থাকলেও তার একটা কৌশল ছিল বলে মনে করেন মারুফ। তিনি বলেন, ‘ক্যাবরেরা প্রথাগত স্টাইকার ছাড়াই খেলাতেন। মিডফিল্ড ও উইং থাকত এদের সমন্বয়ে। আর বক্সে একজন কানেক্ট করতেন। এখন কোনো কৌশল পরিলক্ষিত হয় না।’
এবার সাফে বাংলাদেশ ৭২ ঘণ্টায় মুদ্রার এপিঠ-ওপিঠ দেখেছে। শ্রীলঙ্কা ম্যাচে অসাধারণ ফুটবল আর পাকিস্তান ম্যাচে হেরে বিদায়। এ নিয়ে মারুফের পর্যবেক্ষণ, ‘শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশ শুরুতে গোল পাওয়ায় খেলার চিত্র ভিন্ন হয়েছে। শ্রীলঙ্কা ম্যাচের গোলগুলো ব্যক্তিগত নৈপুণ্যেই বেশি হয়েছে। পাকিস্তান ম্যাচে খেলোয়াড়দের বেশি এক্সসাইটেড মনে হয়েছে, এই এক্সসাইডমেন্ট সাইকোলজিক্যালি কোচরা নিয়ন্ত্রণ করে থাকেন।’