Deleted
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

বল টেম্পারিং থেকে বর্ণবাদ: খাজার আত্মজীবনীতে বিস্ফোরক সব তথ্য

সাবেক অস্ট্রেলিয়ান তারকা উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশিত হয়েছে, যেখানে তিনি স্যান্ডপেপার কেলেঙ্কারি, বর্ণবাদ ও দলের অভ্যন্তরীণ নানা বিতর্কিত বিষয়ে মুখ খুলেছেন। মঙ্গলবার প্রকাশিত এই বইতে তিনি দাবি করেছেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃত করার পরিকল্পনা পুরো অস্ট্রেলিয়া দলই জানত। এমনকি আগের পোর্ট এলিজাবেথ টেস্টেও একই কৌশল প্রয়োগ করা হয়েছিল।

খাজা লিখেছেন, সিরিজ শুরুর আগে কোচিং স্টাফের একজন সদস্য খেলোয়াড়দের বলের আকৃতি পরিবর্তন করে সুইং বাড়ানোর জন্য কাজ করতে বলেছিলেন। তিনি নিজে কখনও বল বিকৃত না করলেও ঘটনাটি জানতেন এবং এর বিরোধিতা করেননি। তিনি স্বীকার করেছেন, “ব্যক্তিগতভাবে আমি কখনও বল বিকৃত করিনি, বল আঁচড়ানো কিংবা এ ধরনের কোনো কাজ করিনি। কিন্তু কী ঘটছিল, সবই জানতাম। আর এর বিরোধিতাও করিনি। সে কারণে আমিও দায়ী।”

বইতে খাজা আরও অভিযোগ করেছেন, ২০১৬ সালে অস্ট্রেলিয়ার কোচিং স্টাফের কয়েকজন সদস্যের মদ্যপানের গুরুতর সমস্যা ছিল। এছাড়া গত গ্রীষ্মে অ্যাশেজের পার্থ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচজয়ী সেঞ্চুরির পর ট্রাভিস হেডের ওপেনিংয়ে ব্যাটিং করার ইচ্ছা প্রকাশ নিয়েও তিনি হতাশা প্রকাশ করেছেন। খাজার দাবি, হেডের ওই মন্তব্যে তিনি ও তার পরিবার বেশ কয়েক সপ্তাহ মানসিক চাপের মধ্যে ছিলেন।

২০২৩ সালের অ্যাশেজে লর্ডসের লং রুমে বর্ণবাদী গালির শিকার হওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেছেন খাজা। এছাড়া ২০১৩ সালের ‘হোমওয়ার্কগেট’ বিতর্কে দলের ম্যানেজার গ্যাভিন ডোভির সঙ্গে তুমুল বাগ্‌বিতণ্ডার ঘটনাও রয়েছে তার বইয়ে।

স্যান্ডপেপার কেলেঙ্কারির ঘটনায় খাজা লিখেছেন, কেপটাউন টেস্টের আগে পোর্ট এলিজাবেথ টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল। কীভাবে কাজটি করা হয়েছিল, তার বিস্তারিতও তিনি তুলে ধরেছেন। খাজার ভাষায়, “আমরা সবাই জানতাম, মাঠে নামার সময় আম্পায়ার বলটি বাউন্ডারির কাছে রেখে দেবেন। তখন আমাদের দিকে কোনো ক্যামেরা থাকবে না। আম্পায়াররাও প্রায় ১০০ মিটার দূরে থাকবেন। ফলে আমরা যা ইচ্ছা করতে পারব। সঙ্গে সঙ্গেই বুল (ডেভিড ওয়ার্নার) বলল, ‘আমি এটা করতে পারব না। সবাই আমার ওপর নজর রাখছে।’ আমি নিজেও কখনও এটা করতে যাচ্ছিলাম না। অন্য কেউ করবে, সেটাও ভাবিনি। তাই হেসে উড়িয়ে দিয়েছিলাম। তখন ক্যামেরন ব্যানক্রফট, যার টেস্ট ক্যারিয়ারে তখন মাত্র ছয়টি ম্যাচ খেলা হয়েছে এবং হয়তো দলের সঙ্গে মানিয়ে নিতে চাইছিল, সে বলল, ‘আমি করব।’”

খাজা মনে করেন, দলের হয়ে অন্যদের সঙ্গে তাল মেলানোর চাপও কাজ করে। তিনি লিখেছেন, “যখন কোনো কিছু খুব বেশি প্রচলিত হয়ে যায়, তখন তাতে জড়িয়ে না পড়া কঠিন। ট্যুর ডি ফ্রান্সে বছরের পর বছর ডোপিংয়ের যে অবস্থা ছিল, বিষয়টি অনেকটা তেমন। হয়তো আপনাকে অংশ নিতে হবে, নয়তো পিছিয়ে পড়তে হবে। অবশ্য এতে কাজটি সঠিক হয়ে যায় না।”

একপর্যায়ে বল এত বেশি সুইং করছিল যে অস্ট্রেলিয়ার কয়েকজন খেলোয়াড় বল বিকৃত করার সঙ্গে জড়িতদের সেটি বন্ধ করতে বলেছিলেন। খাজার ভাষ্যমতে, একটি উইকেট পড়ার পর দলের বৃত্তে একজন বোলার বলেছিল, “বন্ধুরা, বল এখন অনেক বেশি সুইং করছে। এটিতে আর কিছু করো না। এত বেশি সুইং করাটা হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে।” আমাদের বেশিরভাগই তখন হেসে উঠি।

দলের এক কোচও ব্যানক্রফটকে উৎসাহ দেন বলে দাবি খাজার। তার মতে, কোচ বলেছিলেন, “তুমি যা করছ, আমাদের আরও বেশি করে সেটাই দরকার।” এরপর আমি দেখলাম, ব্যাঙ্গার্স (ক্যামেরন ব্যানক্রফট) এক টুকরো স্যান্ডপেপার তুলে পকেটে রাখল। কোচ আমাকে ও ক্যামেরনকে তৃপ্তির হাসি দিয়ে চলে গেলেন। ওই কোচের চাপের কারণেই ব্যানক্রফটের মনে হয়েছিল, তাকে আরও বেশি করে কাজটি করতে হবে।

খাজার ভাষ্য অনুযায়ী, দলের অধিনায়ক স্টিভ স্মিথ ব্যানক্রফটকে স্যান্ডপেপার সরিয়ে রাখতে বলেছিলেন। অন্যদিকে, তরুণ এই ক্রিকেটারকে মাঠ থেকে বেরিয়ে যেতে উৎসাহিত করছিলেন খাজা। কিন্তু ততক্ষণে ব্যানক্রফট কার্যত হতবিহ্বল হয়ে পড়েছিলেন। খাজা লিখেছেন, “ক্যামেরন তখন পুরোপুরি আচ্ছন্ন হয়ে পড়েছিল। কী করবে, বুঝতে পারছিল না। মাঠে থাকা প্রত্যেকেই তখন ভয়ে অস্থির। আর ব্যাঙ্গার্সের অবস্থা ছিল সবচেয়ে খারাপ। এরপর বড় পর্দায় যা দেখা গেল, সেটাই ছিল সবচেয়ে বড় ধাক্কা। সেখানে দেখা গেল, ক্যামেরন স্যান্ডপেপারটি নিয়ে নিজের অন্তর্বাসের মধ্যে রাখছে। তখন আমরা বুঝে গেলাম, বড় ধরনের ভুল করে ফেলেছি। ভয়াবহ ভুল।”

ওই ঘটনায় পুরো দলকে সম্মিলিতভাবে দায় স্বীকার করানোর চেষ্টা করেছিলেন বলে জানান খাজা। কিন্তু নারাজ ছিলেন দু’জন। এছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তও অপর্যাপ্ত মনে হয়েছিল খাজার, “আমার কাছে এটাই ছিল সবচেয়ে হতাশার বিষয়। ওই দু’জন কারা, তা আমি জানতাম। সবার মধ্যে ঠিক ওই দুজনের এমন আচরণ ছিল অবিশ্বাস্য। তবে তাদের আসল চরিত্র বুঝতে পেরেছিলাম। পরিস্থিতি কঠিন হয়ে পড়তেই তারা শুধু নিজেদের কথাই ভেবেছে। কিন্তু আমি এই বিষয়টির পক্ষে লড়াই থামাতে চাইনি। এরপর সিএ যে তদন্ত করেছিল, তা ছিল অত্যন্ত অপর্যাপ্ত। দেখে মনে হয়েছিল, তারা যেন পুরো সত্যটা জানতেই চায়নি।”

খাজা প্রকাশ্যে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। তিনি লিখেছেন, “এই অধ্যায়টি লেখা আমার জন্য সবচেয়ে কঠিন ছিল। এখনও মনে করি না, যে তিনজনকে সব দায় বহন করতে হয়েছে সেটি ন্যায্য ছিল। তাদের জীবন পুরোপুরি বদলে গেছে। এর মানসিক প্রভাব তাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমি যদি এ বিষয়ে মুখ না খুলি, তাহলে তাদেরই বোঝা বহন করে যেতে হবে। এটা পরিষ্কার যে কী ঘটছিল, তা আমি জানতাম। আমি শুধু তাদের কাছে শুধু ক্ষমা চাই। আমরা তোমাদের হতাশ করেছি।”

“তবে সবচেয়ে বেশি ক্ষমা চাই আমার ভালো বন্ধু ডেভিডের কাছে। পুরো ঘটনার দায়ের সিংহভাগ তাকেই নিতে হয়েছিল। সারা জীবন এই বোঝা তোমার বয়ে বেড়ানোর কথা নয়। বছরের পর বছর এ নিয়ে অন্য সবার চেয়ে বেশি অপমান সহ্য করেছ তুমি। পরিকল্পনার মূল কারিগর তুমি ছিলে না। আমরা সবাই এর নেপথ্যে ছিলাম।”

কেপটাউন টেস্টের পর স্মিথকে দেশে পাঠিয়ে দেওয়া হলে ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয় টিম পেইনকে। কিন্তু খাজার দাবি, ওই দায়িত্ব পাওয়ার স্বাভাবিক দাবিদার ছিলেন তিনি। উপেক্ষা করায় হতাশ হয়েছিলেন খাজা, “অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে স্বাভাবিক পছন্দ হওয়ার কথা ছিল আমার। কিন্তু আমাকে বিবেচনাই করা হয়নি। কেন, তা আমি জানতাম।” সেই দুটি কারণ উল্লেখ করে সাবেক এই ওপেনার লেখেন, “একটি কারণ– ক্রিকেট অস্ট্রেলিয়া ও বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বিরোধে আমি অন্যতম প্রধান ভূমিকা রেখেছি। আর অধিনায়ক নিয়োগের দায়িত্ব ছিল সেই বোর্ডেরই। শুধু এই কারণেই তারা সম্ভবত আমাকে দায়িত্ব দিতে চাইত না। দ্বিতীয় কারণ– আমার বিশ্বাস, আরও গুরুত্বপূর্ণ। তারা তখনও একজন বাদামি চামড়ার অস্ট্রেলীয় ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে দেখতে প্রস্তুত ছিল না, এমনকি অন্তর্বর্তীকালীন দায়িত্বেও নয়।”

এর ব্যাখ্যায় খাজা লিখেছেন, “আপনারা হয়তো ভাবছেন, আমি কীভাবে জানলাম? প্রধান নির্বাচক আমার পরিচিত এক সাংবাদিককে বলেছিলেন, ‘অধিনায়ক হিসেবে আমরা যা চাই, তা উজির মধ্যে নেই। তার মধ্যে সঠিক গুণাবলি দেখা যায় না।’ আমি মোটামুটি বুঝতে পারছিলাম, এর অর্থ কী। পুরোনো ধাঁচের অস্ট্রেলীয় ক্রিকেটারের আদর্শের সঙ্গে আমার মেলে না, কিংবা এই দায়িত্বের জন্য আমার গায়ের রংও ঠিক নয়। ঠিক আছে মানলাম। কিন্তু অন্তত সহ-অধিনায়ক তো করা যেত! সেটিও হয়নি। দায়িত্ব দেওয়া হয়েছিল জশ হ্যাজলউড ও মিচেল মার্শকে। কয়েক বছর ধরে নিজের রাজ্য দলের অধিনায়কত্ব করা অভিজ্ঞ একজন খেলোয়াড়ের জন্য বিষয়টি ছিল বুকে আঘাতের মতো।”

২০২৩ সালের অ্যাশেজে লর্ডসে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর বিতর্কিত স্টাম্পিংয়ের পর অস্ট্রেলীয় খেলোয়াড়দের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন স্বাগতিক দর্শকরা। লর্ডসের লং রুমে অস্ট্রেলীয় দলের সদস্যদের সঙ্গে কয়েকজন দর্শকের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

1

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের ‘মহব্

2

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন

3

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

4

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

5

টম ক্রুজের ‘ডিগার’ সিনেমা ২৪৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে

6

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

9

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

12

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

13

নিউইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের প্রস্তাব অনুমোদনের অ

14

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

15

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

16

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

17

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

18

মাস্কের ডোজের নথি চেয়ে মামলা, শুনবে মার্কিন সুপ্রিম কোর্ট

19

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

20