
মার্কিন পপ তারকা মাইলি সাইরাস তার চার বছরের সঙ্গী ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করেছেন। ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে শনিবার এক অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের ছবিতে দেখা যায়, সুইমিং পুলের পাশে সাদা ফুলে সাজানো একটি খিলানের নিচে দাঁড়িয়ে রয়েছেন নবদম্পতি। এন্টারটেইনমেন্ট টুনাইটের খবর অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইলির মা টিশ সাইরাস এবং বোন নোয়া সাইরাস।
গ্র্যামি জয়ী মাইলি সাদা পোশাক পরেছিলেন। গত বছর আমেরিকান টিভি শো গুড মর্নিং আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ২৮ বছর বয়সী ড্রামার মোরান্ডোর সঙ্গে তার বাগদানের কথা নিশ্চিত করেছিলেন।
সেই সাক্ষাৎকারে মাইলি বলেন, এশিয়া সফরের সময় মোরান্ডো হাঁটু গেড়ে প্রস্তাব দেন। তিনি বলেন, "আমি সহজে অবাক হই না কারণ আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে ভালোবাসি, কিন্তু আমি সম্পূর্ণ আত্মসমর্পণ করেছিলাম এবং আমি বলছি, আমি সত্যিই খুব, খুব, খুব অবাক হয়েছিলাম।"
ওয়ান্ডারল্যান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে মোরান্ডো বলেন, প্রস্তাবের পরিকল্পনা গোপন রাখতে তাকে "সত্যিই ধূর্ত" হতে হয়েছিল। তিনি বলেন, "আমরা প্রথমে কয়েক দিনের জন্য টোকিও যাই, তারপর কিয়োটো। আমার মনে হয়েছিল তার আভাস ছিল, তাই আমি যতটা সম্ভব তাকে বিভ্রান্ত করতে শেষ দিনের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছিলাম।"
৩৩ বছর বয়সী সাইরাস এর আগে অস্ট্রেলীয় অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, তবে ২০১৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। ২০১৮ সালে দশ বছরের সম্পর্কের পর হাঙ্গার গেমস খ্যাত হেমসওয়ার্থকে বিয়ে করেন তিনি।
২০২৩ সালে ব্রিটিশ ভোগকে দেওয়া সাক্ষাৎকারে সাইরাস জানান, তাকে এবং ২৮ বছর বয়সী মোরান্ডোকে "ব্লাইন্ড ডেটে" একসঙ্গে করা হয়েছিল। মোরান্ডো লস অ্যাঞ্জেলেসভিত্তিক ব্যান্ড লিলির ড্রামার। ২০২২ সালে এনবিসির মাইলিস নিউ ইয়ার্স ইভ পার্টিতে ব্যান্ডটি অংশ নেয়, যেখানে সাইরাসের প্রয়াত গডমাদার ডলি পার্টন এবং ডেভিড বায়ার্নসহ অন্যান্য সংগীতশিল্পীরাও উপস্থিত ছিলেন।