
দেশের ঘরোয়া ক্রিকেটে অনিয়ম ও ম্যাচ পাতানো ঠেকাতে কঠোর হতে যাচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। দুর্নীতি দমন ইউনিটের (আকসু) সঙ্গে আলোচনা করেই নতুন নিয়ম তৈরির উদ্যোগ নিয়েছে তারা। পাশাপাশি ক্লাব ও খেলোয়াড়দের সঙ্গে করা চুক্তিপত্রের কপি সিসিডিএমের কাছে জমা দিতে হবে ক্লাবগুলোকে।
সিসিডিএম চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘আকসুর কিছু নতুন নিয়ম আমরা ডেভেলপ করছি, যাতে কোনো ধরনের ম্যাচ পাতানো বা এ ধরনের ব্যাপার নিয়ে, যেসব বিষয়ে আগে নির্দিষ্ট নিয়ম ছিল না, সেগুলো নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। সেটা প্রয়োগ হবে। আমরা অলরেডি বোর্ডে দিয়েছি, পরবর্তী বোর্ড মিটিংয়ে এটা পাশও হবে। পাশাপাশি প্রয়োগ করাও এখন থেকেই শুরু হয়ে যাবে।’
শুধু মাঠের অনিয়ম নয়, ক্লাব ও ক্রিকেটারদের মধ্যকার চুক্তির বিষয়েও স্বচ্ছতা আনতে চায় সিসিডিএম। চেয়ারম্যান বলেন, ‘খেলোয়াড়দের সঙ্গে ক্লাবগুলোর যে চুক্তি হয়েছে, সেটির একটি কপি আমাদের কাছে জমা দিতে বলেছি। সবকিছু স্বচ্ছ রাখতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।’
মাঠে ড্রোন ক্যামেরার পাশাপাশি অতিরিক্ত ক্যামেরা রাখার ব্যবস্থা করা হয়েছে। মঈন উদ্দিন বলেন, ‘আমরা ড্রোনের জন্য রিকুইজিশন দিয়েছি। এটা আসতে দেরি হলে অতিরিক্ত ক্যামেরা আমরা দিয়ে দিয়েছি প্রতিটি মাঠে।’