
পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে এবং অপর একজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো সায়মন ইসলাম সাদিক (১৬) ও রেদওয়ানুল হোসেন রাহাত (১৮)। আহত ফজলে রাব্বি শাহ (১৭)। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রাইভেট পড়া শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে বন্ধুর বাসায় যাচ্ছিল। পথে শাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সায়মন ও রাহাতের মৃত্যু হয় এবং ফজলে রাব্বি গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়মন ও রাহাতকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ফজলে রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সায়মন ইসলাম সাদিক সাকোয়া ইউনিয়নের ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। রেদওয়ানুল হোসেন রাহাত ফুলবাড়ী গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহত ফজলে রাব্বি শাহ চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আবু শাহর ছেলে।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদমান সাকিব বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপর শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।