তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে দেশটির সামরিক বাহিনীর একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার মালাতিয়ার ইয়েশিলইউর্ত জেলার সামানকোয় এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ভূপাতিত হওয়ার পর এতে আগুন ধরে যায় এবং তা পার্শ্ববর্তী একটি বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত চার সেনার মধ্যে দুজন হেলিকপ্টার টেকনিশিয়ান এবং বাকি দুজন বিমান বাহিনীর পাইলট। তারা হলেন টেকনিশিয়ান সেরকান ওন্দের, টেকনিশিয়ান হুসেইন জেহির, পাইলট মেজর এরদেম চিমেন এবং ওরহুন পিনার।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের জনসংযোগ বিভাগের প্রধান বুরহানেত্তিন দুরান ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, "মালাত্যায় আমাদের এস-৭০ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে বীর সেনারা শহীদ হয়েছেন, আমি তাদের জন্য সৃষ্টিকর্তার করুণা প্রার্থনা করছি। একই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সৃষ্টিকর্তা যেন এই কঠিন পরিস্থিতিতে তাদের ধৈর্য ধারণের শক্তি দেন।"
সূত্র: তুর্কিয়ে টুডে, এএফপি।