গায়িকা মৌসুমী আক্তার সালমার নতুন গানের লাইন 'আমি রূপনগরের রাজকন্যা পূর্ণিমার চান/ নিজের হাতে আল্লায় আমায় বানাইছে রূপবান'। গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সাগর, সুর করেছেন পিয়াল হাসান ও শাহরিয়ার রাফাত এবং সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।
গানচিত্রে একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করেছেন রুহুল আমিন ও আঞ্জুমান মেহজাবিন। ভিডিও নির্মাণ করেছেন নাজমুল ইভান। গানের সূত্র ধরে সালমা জানান, তিনি নিজেকে বাস্তবেও রূপনগরের রাজকন্যা মনে করেন।
গানটির একটি ক্লিপ শেয়ার করে গায়িকা তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, 'আমি তো সত্যিই রূপনগরের রাজকন্যা! নামেই নয়, নিজের স্বপ্ন, আত্মবিশ্বাস আর ভালোবাসায়ও আমি রূপনগরের রাজকন্যা।'
গান ও কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমা। সপ্তাহ খানেক আগে তার আরেকটি গান 'মিছামিছি তোমায় নিয়া বানাইছিলাম ঘর' এসেছে। সম্প্রতি আরেকটি গানের রেকর্ডিং করেছেন তিনি। পাশাপাশি চলছে লাইভ শো। দিন তিনেক আগে চট্টগ্রামে গেয়েছেন তিনি। শিল্পী জানান, এই শীতেও দেশের নানা জায়গায় কনসার্টের জন্য ছুটে বেড়াবেন।